২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় মন্দিরের সেবক হত্যায় মামলা

পাবনায় ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2016, 12:49 PM

Updated : 25 Jul 2022, 09:26 PM

শুক্রবার রাতে সদর থানায় আশ্রমের সাধারণ সম্পাদক যুগল কিশোর ঘোষ অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেন।

পাবনার পুলিশ সুপার আলমগীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই হত্যার ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেই বিষয়টি মাথায় রেখেই অভিযান চলছে, বলেন তিনি।

শুক্রবার সকালে পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকে ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে (৬০) কুপিয়ে হত্যা করা হয়।

নিত্যরঞ্জন গোপালগঞ্জ সদরের আরুয়া কংশু গ্রামের মৃত রসিক লাল পাণ্ডের ছেলে। তিনি প্রায় ৪০ বছর ধরে পাবনার ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমের সেবক ছিলেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস পাবনার এই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করে বার্তা দিয়েছে বলে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে।

পুরনো খবর:

পাবনায় একই কায়দায় হিন্দু সেবককে কুপিয়ে হত্যা
গোপালগঞ্জে নিত্যরঞ্জনের বাড়িতে মাতম 
পাবনায় আশ্রমের সেবক হত্যার ঘটনায় তদন্ত কমিটি