বাগেরহাটে আধিপত্যের সংঘর্ষে নিহত ১
বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাঁতি গ্রামে এনায়েত চৌধুরী ও কাওসার চৌধুরীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
নিহত মগফর চৌধুরী (৬০) মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাঁতি গ্রামের কুটি মিয়া চৌধুরীর ছেলে এবং কাওসার চৌধুরীর বড় ভাই।
স্থানীয়দের বরাত দিয়ে মোল্লাহাট থানার ওসি আ স ম খায়রুল আনাম বলেন, সিংগাঁতি গ্রামে এনায়েত চৌধুরী ও কাওসার চৌধুরীর সঙ্গে স্থানীয় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
“এর জেরে শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে দুপক্ষের সমর্থকরা লাঠিসোটা, ঢাল-সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।”
প্রায় আধঘণ্টার সংঘর্ষে সড়কির আঘাতে কাওসার চৌধুরীর বড় ভাই মগফর চৌধুরী ঘটনাস্থলেই নিহত হন বলে জানান ওসি খায়রুল।
তিনি জানান, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে পুলিশী প্রহরা জোরদার করা হয়েছে।
