খুলনা ও ঝিনাইদহে ১৪০ জন আটক
দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে খুলনা ও ঝিনাইদহে ১৪০ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত খুলনা নগরীসহ দুই জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়েছে।
খুলনা প্রতিনিধি জানান, নগরীর আট থানায় ২২ জন এবং জেলার নয় উপজেলায় ৭০ জনকে আটক করা হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, নগরীর আট থানা এলাকায় শুক্রবার থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযানে ২২ জনকে আটক করা হয়েছে।
এদের মধ্যে দৌলতপুর থানা জামায়াতের সুরা সদস্য আশরাফুজ্জামানও রয়েছেন বলে জানান তিনি।
তিনি বলেন, অভিযানে দুই রাউন্ড বন্দুকের গুলি, দুইটি ছুরি, পাঁচটি রাম দা ও ৯৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
খুলনার এসপি হাবিবুর রহমান জানান, জেলার নয় উপজেলা থেকে ৭০ জনকে আটক করা হয়েছে।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে ৪৮ জনকে আটক করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৪ জন জামায়াত ও এক জন শিবিরকর্মী রয়েছেন। বাকি ৩৩ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
নাটোরে খ্রিস্টান দোকানদার ও ঝিনাইদহে হিন্দু পুরোহিতকে কুপিয়ে হত্যার পর বৃহস্পতিবার সারাদেশে এক সপ্তাহের সাঁড়াশি অভিযান চালানোর ঘোষণা দেয় পুলিশ। এর অংশ হিসেবে শুক্রবার প্রথমদিন কয়েকশ জনকে আটক করা হয়।
