স্বাবলম্বী প্রতিবন্ধী গাইবান্ধার লেনিন
জন্ম থেকে দুই পা অকেজো গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামুডাঙ্গা গ্রামের লেনিন মিয়ার (২৬)। তারপরও তিনি কারও উপর নির্ভরশীল নন।
লেনিন জামুডাঙ্গা গ্রামের দিনমজুর আমছার আলীর ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। নিজের মনোবল ও অধ্যবসায়ে স্বাবলম্বী হয়েছেন। উপজেলা শহরের মাদারগঞ্জ রোডের পশ্চিমপাড়ায় গড়েছেন নিজের মোটরসাইকেল গ্যারেজ।
তার বাবা আমছার আলী বলেন, “শারীরিক প্রতিবন্ধী হওয়ায় লেনিন ছোটবেলা থেকে কোনো কাজ করতে পারত না। তার ভবিষ্যত নিয়ে আমরা চিন্তায় ছিলাম। কিন্তু এখন আর চিন্তা করতে হয় না। বরং তার আয়ে আমাদের সংসার সুন্দরভাবে চলছে।
“তার গ্যারেজে আমার বড় ছেলে কাজ করে জীবিকা নির্বাহ করছে।”
পনেরো বছর বয়সে মোটরসাইকেল মেরামতের কাজে যোগ দেন লেনিন। দুই বছর অন্যের গ্যারেজে শ্রমিক হিসেবে কাজ করেছেন। এরপর নিজে মোটরসাইকেল গ্যারেজ গড়েন।
লেনিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার গ্যারেজে এখন আপন বড়ভাই ফিরোজ মিয়াসহ চার/পাঁচ জন শ্রমিক কাজ করছেন। বর্তমানে তার মাসিক আয় পনেরো হাজার টাকা।
“ইচ্ছা শক্তি থাকলে শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়। তার প্রমাণ আমি নিজে। নিজে স্বাবলম্বী হয়ে সাত সদস্যের সংসার চালাচ্ছি।”
সাদুল্লাপুর উপজেলা সদরের জয়েনপুরের এনজিওকর্মী সামিয়ুর রহমান শামীম বলেন, “আমি প্রায়ই তার কাছ থেকে মোটরসাইকেল মেরামত করে নিই। তিনি প্রতিবন্ধী হলেও কাজে অনেক দক্ষ। মেরামত খরচ অনেক কম নেন।”
লেনিনের বড় ভাই ফিরোজ মিয়া বলেন, “এক সময় ভেবেছিলাম ছোট ভাইকে সারাজীবন ভোরণ পোষণ দিতে হবে। এখন তার গ্যারেজেই আমি কাজ করছি। ওকে নিয়ে গর্ব হয়।”
