হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালানোয় পুলিশে সোপর্দ
গাজীপুরের একটি হাসপাতালে এক গৃহবধূর লাশ রেখে পালিয়ে অন্যত্র আশ্রয় নেওয়ায় তার স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
আটক শরিফুল ইসলাম (২৫) গাজীপুর সিটি করপোরেশনের রাহাপাড়া এলাকার আবুল কাসেমের ছেলে।
জয়দেবপুর থানার এসআই পরিমল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকালে রাহাপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
নিহত মুক্তা আক্তার (১৯) সিটি করপোরেশনের হায়দারাবাদের লক্ষণ দিয়া এলাকার জামাল মিয়ার মেয়ে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তার লাশ রেখে পালানোর চেষ্টা করে শরিফুল।
যৌতুকের জন্য শরিফুল মুক্তাকে প্রায়ই নির্যাতন করত বলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তার বাবা জামাল। মৃত্যুর খবর পাওয়ার পর এ অভিযোগ দিয়ে তার দাবি, শুক্রবারও নির্যাতন করায় মুক্তার মৃত্যু হয়েছে।
এসআই পরিমল জানান, বিকাল ৩টার দিকে শরিফুল তার স্ত্রী মুক্তাকে সংজ্ঞাহীন অবস্থায় তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুক্তাকে মৃত ঘোষণা করেন।
পরে স্ত্রীর লাশ হাসপাতাল রেখে কৌশলে পালিয়ে বাড়ির পাশের অন্য একটি বাড়িতে আশ্রয় নেয় শরিফুল। তার আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে ধরে পুলিশে দেয়। পরে সন্ধ্যায় তাকে আটক করে জয়দেবপুর থানায় নিয়ে আসা হয়।
পুলিশ সদস্য পরিমল বলেন, পারিবারিক কলহের জেরে মুক্তা গলায় ফাঁস দিয়েছিল বলে আটকের পর জিজ্ঞাসাবাদে দাবি করেছে শরিফুল। তার ভাষ্য, ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে লাশ নামিয়ে হাসপাতালে নিয়ে যান।
তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান এসআই পরিমল।
