মুন্সীগঞ্জে আ. লীগ নেতাকে কুপিয়ে জখম
মুন্সীগঞ্জ সদরে এক আওয়ামী লীগ নেতা ও দুই ছেলেকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামে এ হামলা হয় বলে সদর থানার ওসি ইউনুচ আলী জানান।
আহতরা হলেন মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ঢাকা বিভাগীয় শ্রমিক লীগের সহ-সভাপতি নজরুল ইসলাস নজু (৫০), তার দুই ছেলে রনি (২৫) ও রাবিক (২০)।
তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্প্রতি শেষ হওয়া ইউপি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় এ হামলা হয়েছে বলে আহত ওই আওয়ামী লীগ নেতার দাবি।
হাসপাতালে চিকিৎসাধীন নজরুল ইসলাম নজু বলেন, পঞ্চমধাপে মোল্লাকান্দি ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচন করেন তিনি। নির্বাচনের পর প্রথম ঢাকা থেকে গ্রামের বাড়ি মাকহাটি যাচ্ছিলেন তিনি।
তিনি বলেন, পথে বাড়ির কাছে গামছা বাহিনীর প্রধান ইউসুফ বাহিনীর সদস্য আমির, আরিফ, অপু, সবুজ, কামালসহ ১০-১২ জনের দল সন্ত্রাসী তাদের পথরোধ করে।
“ওই সময় তারা নৌকার নির্বাচন করার কথা উল্লেখ করে গালাগাল দেয় এবং আমাদের উপর হামলা চালায়। চাপাতি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।”
ওসি ইউনুচ আলী জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থতি এখন নিয়ন্তণে রয়েছে।
