সাভারে বাসচাপায় গৃহবধূর মৃত্যু, সড়ক অবরোধ
সাভারের আশুলিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আশুলিয়ার বাইপাইলে এ দুর্ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী খান জানান।
নিহত হাসনাহেনা (৩০) আশুলিয়ার গাজীরচট এলাকার চান মিয়া সিকদারের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আকবর আলী জানান, দুপুরে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে ইপিজেড এলাকা থেকে গাজীরচটের দিকে যাওয়ার পথে একটি অটোরিকশার ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন হেনা।
“এ সময় ঢাকাগামী তিতাস পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
আকবর বলেন, এ ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে আধাঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
