২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ছুরিকাঘাতে যুবলীগকর্মী খুন

পাবনা শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক যুবক।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 01:55 AM

Updated : 20 Aug 2022, 12:56 PM

বৃহস্পতিবার রাতে নিহত মুন্না চৌধুরী যুবলীগের কর্মী ছিলেন বলে সংগঠনটির জেলা শাখার প্রচার সম্পাদক ফাহিমুল কবির খান জানিয়েছেন।

শহরের লাইব্রেরি বাজার এলাকায় রাত ১০টার দিকে আক্রান্ত হন গোবিন্দা মহল্লার মৃত রওশন আলী চৌধুরীর ছেলে মুন্না।

তিনি ছোট ভাই রাজিব চৌধুরীর সঙ্গে রিকশায় যাচ্ছিলেন।

রাজিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাইব্রেরি বাজার গোল চত্বরে রোমান, রাজু, ইমরুল, সজিব ও জনি আমাদের গতিরোধ করে। বাক-বিতণ্ডার এক পর্যায়ে তারা ভাইকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”

মুন্নাকে সঙ্গে সঙ্গে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে পূর্ব বিরোধ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

যে স্থানে ঘটনাটি ঘটেছে, তার ২৫ গজ দূরেই পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্সের কার্যালয় ‘বাই দ্য বাই ক্লাব’।

জেলা যুবলীগের প্রচার সম্পাদক ফাহিমুল কবির খান শান্ত কর্মী মুন্না হত্যার নিন্দা জানিয়ে খুনিদের গ্রেপ্তারের দাবি করেছেন।