চুয়াডাঙ্গা-মেহেরপুর রুটে পরিবহন ধর্মঘটের ডাক
‘চাঁদা দাবির’ প্রতিবাদে শুক্রবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছে চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই ধর্মঘটের ডাক দেয় সংগঠনটির জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল হালিম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “গত ৬ জুন চুয়াডাঙ্গার প্রতিটি বাস থেকে ৬০ টাকা চাঁদা দাবি করে মেহেরপুর বাস মিনিবাস মালিক সমিতি কর্তৃপক্ষ।
“অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের নেতাকর্মীরা আমাদের চালক-শ্রমিকদের মারধর করে এবং যাত্রী ছাড়াই বাসগুলো চুয়াডাঙ্গাতে ফেরত পাঠায়। এ ঘটনার পর থেকেই দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।”
বৃহস্পতিবারের মধ্যে চাঁদা আদায়ের এ সিদ্ধান্ত পরিবর্তন না হলে শুক্রবার থেকে লাগাতার বাস ধর্মঘট চলবে বলে জানান চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের এ নেতা।
চুয়াডাঙ্গার মালিক সমিতির ২৮টি বাস প্রতিদিন চুয়াডাঙ্গা-মেহেরপুর জেলায় চলাচল করে।
এ নিয়ে মেহেরপুর বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল বলেন, “আগে থেকেই চুয়াডাঙ্গা বাস মিনিবাস মালিক গ্রুপ মেহেরপুরের বাস মালিকদের কাছ থেকে গাড়ি প্রতি ৬০ টাকা করে আদায় করেন।
“একইভাবে আমরাও চুয়াডাঙ্গার গাড়ি প্রতি ৬০ টাকা দাবি করেছি। এটা মোটেও অন্যায় নয়।”
