ছাত্রলীগের মানববন্ধনে হামলা
বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল জিলা স্কুল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান হামলায় আহত সরকারি বরিশাল কলেজ ছাত্রলীগের সভাপতি আল মামুন।
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আল মামুন বলেন, অভ্যন্তরীণ কোন্দলের জেরে গত ২৭ মে রাতে পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় প্রতিপক্ষের হামলায় নিহত হয় ছাত্রলীগ কর্মী রেজাউল করিম রেজা।
“এ ঘটনার মামলায় আসামি করা হয়েছে মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিনকে। এর প্রতিবাদে এবং মামলা থেকে জসিমউদ্দিনকে অব্যহিত দেওয়ার দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মহানগর ছাত্রলীগ।”
মানববন্ধন শুরু হতেই জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন ও ল কলেজের সাবেক ভিপি রফিকুল ইসলাম খোকন ওরফে মামা খোকনের নেতৃত্ব তাদের উপর হামলা ও মাইক ভেঙ্গে ফেলা হয় বলে অভিযোগ করেন তিনি।।
হামলায় তিনিসহ ১০ নেতাকর্মী আহত হয়েছে বলেও দাবি মামুনের।
তবে হামলার কথা অস্বীকার করে জেলা ছাত্রলীগ নেতা রাজিব হোসেন বলেন, তারা মোটরসাইকেলে করে রূপাতলী এলাকায় যাচ্ছিলেন। এসময় তাদের দেখে মানববন্ধনকারীরা দৌড়ে পালিয়ে যায়।
“পালাতে গিয়ে রাস্তায় পড়ে কেউ আহত হতে পারে।”
এ বরিশাল কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে একটু ঝামেলা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কাউকে পায়নি।
এছাড়া কেউ থানায় অভিযোগও দেয়নি বলে জানান তিনি।
