২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকের বিরুদ্ধে সহকারীকে মারধরের অভিযোগ

কুড়িগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের বিরুদ্ধে এক অফিস সহায়ককে পেপারওয়েট ছুড়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 09:59 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

বুধবার মোখছেদুর রহমানের বিরুদ্ধে এই অভিযোগ আনেন অফিস সহায়ক আব্দুল মালেক। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সাংবাদিকদের বলেন, গোলাম মাহবুব বাবু (৩০) নামে এক মাদক মামলার আসামির জামিন আবেদন করা হয় ৫ জুন। অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোখছেদুর রহমান অনুপস্থিত থাকায় মামলাটি মুখ্য বিচারিক হাকিম অম্লান কুসুম জিষ্ণুর আদালতে শুনানির জন্য যায়।

“মুখ্য বিচারিক হাকিম মামলাটি অধিকতর শুনানির জন্য ৮ জুন পরবর্তী তারিখ নির্ধারণ করেন।  এই আদেশ অমান্য করে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোখছেদুর রহমান ৬ জুন আসামি বাবুকে জামিনের আদেশ দেন।”

জামিনের খবর জানতে পেরে মোখছেদুর রহমানকে তলব করেন মুখ্য বিচারিক হাকিম।

অফিস সহায়ক মালেক বলেন, “দুই দফা তলব করে জামিনের বিষয়ে আইনি ব্যাখ্যা চান মুখ্য বিচারিক হাকিম। এতে মোখছেদুর রহমান ক্ষুব্ধ হন। তার ধারণা, জামিনের খবরটি মুখ্য বিচারিক হাকিমকে আমিই দিয়েছি।

“এ কারণে নিজ চেম্বারে ফিরে তিনি আমার উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এক পর্যায়ে পেপারওয়েট ছুড়ে মারেন। সেটি আমার বুকে লাগে। এরপর শার্টের কলার ধরে বেধড়ক মারধর করেন তিনি।”

মালেক নেতিয়ে পড়লে অন্য সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যায় বলে তিনি জানান।

এ ব্যাপারে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোখছেদুর রহমান সাংবাদিকদের সাথে কথা বলতে চাননি।

তার অফিস সহকারী রাশিদুল বাবু বলেন, “তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে চান না।”

পাবলিক প্রসিকিউটর এস এম আব্রাহাম লিংকন বলেন, একজন আইনের লোক হয়ে এবং বিচারক হিসেবে এ রকম কর্ম করে থাকলে তা দুর্ভাগ্যজনক।

“ঊর্ধ্বতন বিচারকের আদেশ উপেক্ষা করে নির্ধারিত সময়ের আগেই মাদক মামলার আসামিকে জামিনের ঘটনা আরও দুঃখজনক।”