২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় পুলিশের উপর ‘হামলায়’ মামলা, আসামি ৫ শতাধিক

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পুলিশের উপর ‘হামলার’ ঘটনায় অজ্ঞাত পরিচয় পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 08:03 PM

Updated : 12 Apr 2022, 02:13 AM

ফুলছড়ি থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন বাদী হয়ে বুধবার বিকালে মামলা করেন বলে জানান ওসি মো. খায়রুল বাশার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে গজারিয়া ইউনিয়নের গলনা গ্রামে একটি মামলার তদন্তে গেলে পুলিশের উপর হামলা চালায় গ্রামবাসী।

“এ সময় পাঁচ পুলিশসহ অন্তত ১০ জন আহত হওয়ায় মামলা হয়েছে। মামলায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।”

এদিকে গজারিয়া ইউনিয়নের জাতীয় পার্টির পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইউনুস আলী অভিযোগ করেন, মামলার পর গ্রেপ্তার আতঙ্কে গলনা গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।

“এ সুযোগে নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুল গণি মিয়ার সমর্থকরা বুধবার সকালে গলনা গ্রামে তাদের প্রতিপক্ষের লোকজনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে।”

চারটি বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি বিভিন্ন বাড়ি থেকে অর্ধশতাধিক গরু-বাছুরসহ মালপত্র লুট করা হয়েছে বলে তিনি দাবি করেন।

গত ৫ জুন গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের পর সংঘাতের ঘটনায় দায়ের একটি মামলার তদন্তে গিয়ে দুই পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় পাঁচ পুলিশসহ অন্তত ১০ জন আহত হয় বলে পুলিশের দাবি।