২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্ধকোটি টাকা ছিনতাই: কারখানা কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

গাজীপুরে গ্রিন লাইন গার্মেন্ট কর্মচারীদের বেতনের টাকা ছিনতাইয়ের ঘটনায় কারখানার গাড়ির চালকসহ চার কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 04:39 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

বুধবার সকালে সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান।

এরা হলেন কারখানার ব্যবস্থাপক নূর মোহাম্মদ রুহুল কুদ্দুস (৪০), হিসাব রক্ষক বিজন সাহা (৪২), সহকারী স্টোর কিপার রতন চন্দ্র শীল (২৬) ও মাইক্রোবাসের চালক মজিবর রহমান (৩২)।

মঙ্গলবার রাতে টাকা ছিনতাইয়ের ঘটনায় কারখানার উপ-মহাব্যবস্থাপক মৃত্যুঞ্জয় কুমার চক্রবর্তী বাদী হয়ে তাদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করেন।

মামলার বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই বলেন, মঙ্গলবার সকালে আসামিরা কর্তৃপক্ষকে না জানিয়ে কারখানার মাইক্রোবাস ব্যবহার করে আইএফআইসি ব্যাংক কোনাবাড়ি শাখা থেকে ৪৮ লাখ ৫০ হাজার টাকা তোলে। ফেরার পথে তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ি থামিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

আসামিদের সহযোগিতা ও পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।