২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ইউপি চেয়ারম্যানকে ছুরিকাঘাত

যশোরের শার্শায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক ইউপি চেয়ারম্যান আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 09:54 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

মঙ্গলবার সন্ধ্যায় শহরের মাইকপট্টী এলাকার সিটিপ্লাজার সামনে এ ঘটনা ঘটে বলে শার্শা সদর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার জানান।

আহত সোহরাব হোসেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। শেষ দফার ইউপি নির্বাচনে শার্শা সদর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। তাকে ঝিকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে সোহরাব তার সমর্থকদের নিয়ে সিটিপ্লাজার সামনে ইফতারের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তার সমর্থকরা খাবার কিনতে গেলে ৮-১০জন দুর্বৃত্ত তার উপর হামলা চালায়।

“সোহরাব বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।”

তার বাম পায়ের হাঁটুর নিচে আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়ি নিয়ে আসা হয়েছে বলে জানান আওয়ামী লীগের এ নেতা।

এদিকে এ ঘটনার প্রতিবাদে চেয়ারম্যানের সমর্থকরা নাভারন-সাতক্ষীরা মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে ওই সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।