২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গার্মেন্টসের অর্ধকোটি টাকা ছিনতাই

গাজীপুর সদরে একটি পোশাক কারখানার প্রায় অর্ধকোটি টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 03:17 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি পারিজাত এলাকায় এ ঘটনা ঘটে।

জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের এসআই মো. রফিকুল ইসলাম বলেন, পারিজাত এলাকার গ্রীণ লাইন গার্মেন্টের একাউন্টস ও প্রশাসন বিভাগের কয়েকজন কর্মকর্তা সকালে আইএফআইসি ব্যাংক কোনাবাড়ি শাখা থেকে ৪৮ লাখ ৫০ হাজার টাকা তুলে মাইক্রোবাসযোগে কারখানায় ফিরছিলেন।

“গাড়িটি পারিজাত আমতলা এলাকায় পৌঁছলে তিনটি মোটরসাইকেলযোগে আসা ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ি থামিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।”

ওই সময় দুর্বৃত্তরা ফাঁকা গুলি করে এলাকায় আতংক সৃষ্টি করে বলে কর্মকর্তারা জানান, বলেন এসআই রফিকুল।

এসআই রফিকুল আরও বলেন, ব্যাংক থেকে টাকা তোলার বিষয়টি কারখানা কর্তৃপক্ষ পুলিশকে জানয়নি এবং কোনো সহযোগিতাও চায়নি। এমনকি তাদের নিজস্ব কোনো নিরাপত্তাকর্মীও সঙ্গে ছিল না।

ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।