২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

সিলেটে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-বাবা নিহত ও মেয়ে আহত হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 12:08 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

মঙ্গলবার সকাল ৯টার দিকে টিলাগড় শাহ মদনী ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে শাহ পরান থানার ওসি শাহজালাল মুন্সি জানান।

নিহতরা হলেন স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা অরজিত রায় ও তার স্ত্রী দক্ষিণ সুরমার মহালক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমিতা দাস।

তারা খাদিমপাড়া ইউনিয়নের শাহপরান নিপুবন আবাসিক এলাকার বাসিন্দা।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে আম্বরখানা থেকে টিলাগড়গামী প্রাইভেট কারের সাথে বিপরীত দিকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

“এ সময় অটোরিকশা-আরোহী অরজিত রায় ঘটনাস্থলেই মারা যান। আহত সুমিতাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।”

দুর্ঘটনায় তাদের মেয়ে ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অরুনিমা রায় গুরুতর আহত হয়েছে। তাকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।