২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিটারের খুঁটি উঁচুতে, তাই বিল দেখা যায় না’

জামালপুর বিদ্যুৎ বিভাগের ‘ইচ্ছেমতো’ বিল দেওয়ার কারণে বিপাকে পড়েছেন জমির সেচ দানকারী চাষি ও সাধারণ ব্যবহারকারীরা।   

লুৎফর রহমান

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 09:05 AM

Updated : 20 Aug 2022, 12:55 PM

তাদের অভিযোগ, বিদ্যুতের মিটার রিডিং অনুসরণ না করে সেচযন্ত্র ব্যবহারে দিনের পর দিন অতিরিক্ত বিল দাখিল করা হচ্ছে, যা তাদের জন্য অস্বস্তি তো বটেই উপরন্তু এ বিষয়ে পিডিবির নির্লিপ্ততা তাদের ভোগান্তি দ্বিগুণে তুলেছে।

পাশাপশি সময়মতো এসব বিল পরিশোধ না হলে পিডিবির কর্মকর্তারা কৃষকদের নামে মামলা দেওয়ার ভয় দেখাচ্ছেন বলেও অভিযোগ তাদের।

তবে পিডিবির কর্মকর্তারা বলছেন, সেচযন্ত্রের মিটারের খুঁটি উঁচতে থাকায় তারা নির্ধারিত বিল করতে পারছেন না।

মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের মধ্যেরচর গ্রামের কৃষক মারফত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিগত বোরো মৌসুমের মাঝামাঝিতে তার নামে সেচযন্ত্রের একটি বিদ্যুৎ লাইন পাশ হলেও চালু হয়নি। ডিজেল ইঞ্জিন দিয়েই মৌসুম পার করলেও তার নামে এক লাখ ৮২ হাজার টাকার বিল দাখিল হয়েছে।

“এ নিয়ে বিদ্যুৎ বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোকছেদুল আলম সোহাগ এবং নির্বাহী প্রকৌশলী এস এম ইকবালের কাছে কয়েকদফা অভিযোগ করেও প্রতিকার পাইনি।”

চরবানিপাকুরিয়া ইউনিয়নের শিহাটা গ্রামের কৃষক মুরাদুজ্জামান বলেন, তার সেচযন্ত্রের মিটার রিডিং অনুযায়ী ১৬ হাজার ২৫২ ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, যার মধ্যে ছয় হাজার ৯৫০ ইউনিটের বিল পরিশোধ করার পরও পিডিবি থেকে নতুন করে ১৬ হাজার ৫০০ ইউনিটের ভুয়া বিল দাখিল করা হয়েছে।

একই গ্রামের আব্দুস ছালাম বলেন, “আমার নামে মিটার নাই, জমিতে বিদ্যুতের লাইন নাই, সেচ যন্ত্রও নাই; অথচ জামালপুর বিদ্যুৎ বিতরণ বিভাগ থেকে আমার নামে ১৩ হাজার টাকার বিল পাঠানো হয়েছে।”

এ নিয়ে তিনি পিডিবি অফিসে গেলে বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা বিল পরিশোধ

করতে বলেন। অন্যথায় পিডিবি কর্মকর্তারা তাদের বিরুদ্ধে মামলা করবে বলে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

একই ইউনিয়নের শিহাটা গ্রামের কৃষক মো. বাদশা আলম বলেন, তার সেচ যন্ত্রের মিটার অনুযায়ী চার হাজার ৪৪৯ ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। এর মধ্যে দুই হাজার ৭০০ ইউনিটের বিল পরিশোধ করেছেন।

“অথচ পিডিবির কর্মচারীরা মিটার না দেখে আরও আট হাজার ২০০ ইউনিটের বিল দাখিল করেছেন।”

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে জামালপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোকসেদুল আলম সোহাগ বলেন, কৃষকরা বোরো ক্ষেতের মাঝে ১৫ থেকে ২০ ফুট উঁচু খুটিতে সেচযন্ত্রের মিটার লাগানোয় মিটারের রিডিং দেখে বিল করা সম্ভব হয়নি।

তবে কেউ যদি অতিরিক্ত বিল দাখিলের বিষয়ে অভিযোগ করেন তা তদন্ত সাপেক্ষে সংশোধন করা যেতে পারে বলে জানান তিনি।

বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম ইকবালের সঙ্গে কথা বলতে তার মোবাইল ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।