নারায়ণগঞ্জে ৭ খুন: সাক্ষ্য দিলেন র্যাব সদস্যরা
নারায়ণগঞ্জে সাত খুনের দুটি মামলায় র্যাব-১১-এর নরসিংদী ক্যাম্পের তৎকালীন কমান্ডার মেজর সুরুজ মিয়াসহ পাঁচ র্যাব সদস্য আদালতে সাক্ষ্য দিয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাংবাদিকদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তারা ‘প্রত্যক্ষদর্শী’ হিসেবে নদীতে লাশ ফেলার বিস্তারিত বর্ণনা দেন।
নরসিংদী ক্যাম্পের তৎকালীন কমান্ডার মেজর সুরুজ মিয়া তার সাক্ষ্যে বলেন, “২০১৪ সালের ২৭ এপ্রিল দুপুর ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে একটি অপরিচিত নম্বর থেকে মেজর আরিফ আমার সরকারি নম্বরে ফোন করেন।
“ফোন করে আরিফ বলেন, ‘আপনি একটু ক্যাম্পের বাইরে আসেন।’ ওই সময় আমি ক্যাম্পের বাইরে গিয়ে দেখতে পাই দুটি হাইয়েস মাইক্রোবাস দাঁড়ানো। মেজর আরিফ আমার কাছে তাদের দুপুরের খাবারের জন্য টাকা চান। আমি তাদের দুই হাজার টাকা দিয়ে ক্যাম্পে ফিরে যাই। এরপর মেজর আরিফের সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হয়নি।”
সাক্ষ্য দেওয়ার আগে কাঠগড়ায় থাকা লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাইদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার (অব.) এমএম রানার সঙ্গে হাত নেড়ে কুশল বিনিময় করেন সুরুজ মিয়া।
সুরুজ মিয়া বর্তমানে র্যাব-৬ খুলনায় কর্মরত।
সাতজনের লাশ ফেলার ‘প্রত্যক্ষদর্শী’ ল্যান্স নায়েক মো. আজম আলী আদালতে বলেন, “ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টায় এলএস আবদুস সামাদ আমাকে বলেন, ‘আজ রাতে স্পেশাল কোম্পানির মেজর আরিফ স্যারের সঙ্গে নদীতে টহল ডিউটি করতে হবে।’ তখন আমি জিজ্ঞেস করি কে কে যাবে। সামাদ স্যার বলেন, ‘আমি, আপনি এবং নায়েক রাজ্জাক।’
“রাত আনুমান ৮টার দিকে আমরা তিনজন নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে ট্রলার নিয়ে কাঁচপুরের উদ্দেশে রওনা হই। রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে আমরা কাঁচপুরে পৌঁছাই। তখন মেজর আরিফ কাঁচপুর ল্যান্ডিং স্টেশনে ট্রলার ভেড়াতে বলেন। সামাদ স্যার লাইট দিয়ে সঙ্কেত দিলে ল্যান্ডিং স্টেশন থেকে পাল্টা সঙ্কেত দেওয়া হয়। ল্যান্ডিং স্টেশনে গিয়ে কিছু লোক ও মাইক্রোবাস দেখতে পাই।
“মেজর আরিফ স্যারের সাথে সাদা পোশাকে থাকা লোকজন ট্রলারে প্লাস্টিকের ১২-১৪টি ভারী বস্তা তোলে। এরপর তারা একে একে সাতটি লাশ ট্রলারে তোলে। লাশ দেখে ট্রলারে থাকা আমরা তিনজনই প্রতিবাদ করি। কিন্তু আরিফ স্যার আমাদের তিনজনকে ধমক দিয়ে চুপ করতে বলেন। পরে তিনি ট্রলারটি মুন্সীগঞ্জের মোহনায় নিয়ে যেতে নির্দেশ দেন।
“এর আগে আরিফ স্যারের ১০-১২ জন সাদা পোশাকে থাকা লোক ট্রলারে ওঠে।
“রাত অনুমান ১২টার দিকে আমরা রওনা হয়ে ২টা থেকে সোয়া ২টার দিকে মুন্সীগঞ্জে নদীর মোহনায় পৌঁছাই। তখন মেজর আরিফ স্যার তার লোকদের প্রতিটি লাশের সঙ্গে দুটি করে বস্তা বেঁধে নদীতে ফেলে দিতে বলেন।
“লাশ ফেলা শেষ হলে আরিফ স্যারের নির্দেশে আমরা আবারও নারায়ণগঞ্জ লঞ্চঘাটে ফিরে আসি। ট্রলার বেঁধে আমরা ক্যাম্পে ফিরে যাই। পরে গণমাধ্যমে প্রচারিত সংবাদে জানতে পারি, ওই লাশগুলো চাঞ্চল্যকর সাত খুনের ভিকটিম।”
এরপর এই সাক্ষী আসামির কাঠগড়ায় থাকা মেজর আরিফকে শনাক্ত করেন।
আদালতে এই সাক্ষীর মতো হুবহু সাক্ষ্য দেন আবদুস সামাদ ও নায়েক আবদুর রাজ্জাক।
আদালত সাক্ষ্য গ্রহণ শেষে মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে সোমবারও নূর হোসেন ‘অসুস্থ বোধ করায়’ তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কাঠগড়ার বাইরে একটি বেঞ্চে বসার ব্যবস্থা করা হয়।
আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাত খুনের মামলায় সোমবার মোট পাঁচজন সাক্ষী দিয়েছেন।
মামলার পরবর্তী দিন আগামী ১৩ জুন বলে তিনি জানান।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ এপ্রিল ছয়জনের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। পরদিন ১ মে আরও একজনের লাশ একই স্থান থেকে উদ্ধার করা হয়।
ওই ঘটনায় নিহত নজরুল ইসলাম ও তার চার সহযোগী হত্যার ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় তার জামাতা বিজয় কুমার পাল ফতুল্লা মডেল থানায় আরেকটি মামলা দায়ের করেন।
প্রায় এক বছর তদন্ত শেষে গত বছর ৮ এপ্রিল ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
