২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুনের মামলায় বিচারকসহ ৫ জনের সাক্ষ্য

নারায়ণগঞ্জে সাত খুনের দুই মামলায় তিন বিচারকসহ পাঁচ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 05:03 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

সোমবার জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ২৪ মে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়।

পাবলিক প্রসিকিউটর এস এম ওয়াজেদ আলী খোকন জানান, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামির উপস্থিতিতে সকাল সাড়ে ৯টায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলে।

“সাক্ষ্যদানকারী বিচারকরা হলেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইশতিয়াক আহম্মেদ, বিচারিক হাকিম সাইদুজ্জামান শরীফ ও জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগম।”

সৈনিক নুরুজ্জামানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রের্কড করেন ইশতিয়াক আহম্মেদ, কনস্টেবল বাবুল হাসানের স্বীকারোক্তি, তিন সাক্ষীর জবানবন্দি রের্কড করেন সাইদুজ্জামান শরীফ এবং সিপাহী আবু তৈয়ব ও আসাদুজ্জামান নূর এবং হাবিলদার নাসির উদ্দিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষী হিসেবে সাত জনের জবানবন্দি রের্কড করেন মনোয়ারা বেগম।

এছাড়া অপহরণের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে জবানবন্দি দিয়েছেন মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট হুমায়ুন কবির সাক্ষ্য দেন বলে জানান ওয়াজেদ আলী।

পরে আসামিপক্ষের আইনজীবীরা তাদেরকে জেরা করেন।

এই নিয়ে সাত খুনের দুই মামলায় ৫১ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো।  

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ সাত জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।

ওই ঘটনায় নজরুল ইসলাম ও তার চার সহযোগী হত্যায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে আরেকটি মামলা করেন। মামলা দুটিই করা হয় ফতুল্লা মডেল থানায়।

এ মামলায় র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে বিচার চলছে।

পুরনো খবর:

সাত খুন: দুই মামলায় পরবর্তী সাক্ষ্য ৯ মে
সাত খুন: চন্দন সরকারের স্ত্রীসহ ১১ জনের সাক্ষ্য
সাত খুন: এখনও পলাতক ১১ আসামি