ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান বরখাস্ত
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার জানান, আলীমের বিরুদ্ধে নাশকতার মামলায় পুলিশ আদালতে অভিযোগপত্র দিয়েছে।
“এ কারণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সায়িক বরখাস্ত করার কথা জানানো হয়েছে।”
রোববার এ আদেশের কপি ঝিনাইদহে এসেছে বলে তিনি জানান।
সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, আলীমের বিরুদ্ধে দুটি নাশকতার মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল আলীম চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন।
তিনি উচ্চ আদালতে রিট করবেন বরেও জানান।
