গাজীপুরে হত্যার দায়ে ১ জনের ফাঁসির রায়
গাজীপুরে এক নারীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।
রায়ে একইসঙ্গে দণ্ডিতকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।
দণ্ডিত মো. নূরুল আমিন ওরফে নূরা (২৩) গাজীপুরের কালীগঞ্জের বরাইদ গ্রামের নূর চান শেখের ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ৩১ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার সাওরাইদ গ্রামের মিনারা খাতুন ঘাস কেটে বাড়ি ফিরছিলেন।
পূর্ব শত্রুতার জেরে ওই সময় আসামি নূরা বাঁশের লাঠি দিয়ে মিনারা বেগমের মাথায় আঘাত করেন। এতে মাথা ফেটে ঘটনাস্থলেই মিনারার মৃত্যু হয়।
আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের মেয়ে আয়েশা বেগম বাদী হয়ে গত বছরের ২ এপ্রিল কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ফরিদ উদ্দিন নূরার বিরুদ্ধে গত বছরের ১০ জুলাই আদালতে অভিযোগত্র দাখিল করেন বলে জানান রবিউল।
