এনজিওকর্মীকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই
চুয়াডাঙ্গা সদরে এক এনজিওকর্মীকে কুপিয়ে জখম করে তার মোটরসাইকেল ছিনতাই হয়েছে।
রোববার রাতে উপজেলার মাখালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক জানান।
আহত স্বপন কুমার (৩৫) স্থানীয় উন্নয়ন সংস্থা বীজের ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি জানান, স্বপন এক গ্রাহকের কাছ থেকে মাসিক কিস্তির টাকা আনতে মোটরসাইকেলে করে মাখালডাঙ্গায় যাচ্ছিলেন। এ সময় ৪-৫ জন লোক পথ আটকে স্বপনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় স্বপনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মাসুদ রানা বলেন, স্বপনের গলায় গলায় ধারালো অস্ত্রের আঘাত লেগেছে।
