হবিগঞ্জে বিএনপিপ্রার্থীর বিজয় মিছিলে হামলা, স্কুলছাত্র নিহত
হবিগঞ্জের চুনারুঘাটে ভোটে জয়ী বিএনপির চেয়ারম্যানপ্রার্থীর বিজয় মিছিলে হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
এই হামলার জন্য পরাজিত আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের দায়ী করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানের সমর্থকরা।
পুলিশ জানিয়েছে, রোববার রাতের এই ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন। গুরুতর আহত নয়জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মনির হোসেন (১৬) স্থানীয় শ্রীকুটা হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। সে নরপতি গ্রামের আরজু মিয়ার ছেলে।
শনিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চুনারুঘাট সদর ইউনিয়নে ধানের শীষের প্রার্থী লিয়াকত হাসান বিজয়ী হন। ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী নোমান পরাজিত হন।
চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, “আজ (রোববার) সন্ধ্যায় লিয়াকতের সমর্থকরা এলাকায় একটি বিজয় মিছিল বের করে। এক পর্যায়ে পরাজিত প্রার্থী নোমানের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।”
এতে আহত ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টায় মনিরের মৃত্যু হয় বলে জানান ওসি।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
