২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের ভোটও হাওয়া!

বেসরকারিভাবে ঘোষিত ফলে নিজ কেন্দ্রে দেওয়া ভোটের হদিস পাননি কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের এক সদস্য প্রার্থী।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 12:59 AM

Updated : 20 Aug 2022, 12:54 PM

ফলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ‘লাটিম’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা সাধারণ সদস্য প্রার্থী নূর মোহাম্মদ।

তার দাবি, শনিবার সর্বশেষ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সকালে তিনি ও তার পরিবারের সদস্যরা ওই কেন্দ্রে ভোট দেন। ঘোষিত বেসরকারি ফলে দেখা গেছে, লাটিম প্রতীকে তিনি একটি ভোটও পাননি।

রোববার সকালে এ নিয়ে উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন নূর মোহাম্মদ। আবেদনে ‍পুনরায় ভোট গণনার দাবিও জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে কোনো ‘সদুত্তর’ পাওয়া যায়নি।

নূর মোহাম্মদ বলেন, রাজাপালং ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ফলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ৩ হাজার ১৬৩ জন। বেসরকারিভাবে ঘোষিত ফলে ভোট দিয়েছেন ৩ হাজার ১০২ জন।

“এই কেন্দ্রে আমিসহ আমার পরিবারের সদস্যরা লাটিম প্রতীকে ভোট দিয়েছি। কিন্তু ঘোষিত ফলে লাটিম প্রতীকে কোনো ভোট পড়েনি। তাহলে আমি ও আমার স্ত্রীসহ পরিবারের সদস্যদের লাটিম প্রতীকে দেওয়া ভোটগুলো গেল কোথায়?”

বিস্ময় প্রকাশ করে ‍নূর মোহাম্মদ বলেন, “তাহলে কি ভোটের বাক্সে জিনের আছর লেগেছিল? এমন তো হওয়ার কথা না। অন্তত আমার ভোটটি লাটিম প্রতীকে পড়ার কথা।”

তিনি জানান, ভোট না পাওয়ার অভিযোগ জানিয়ে পুনরায় গণনার দাবিতে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন।

আবেদনটি পাওয়ার কথা স্বীকার করে উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈনুদ্দিন বলেন, “এ ব্যাপারে করণীয় সম্পর্কে আমি দায়িত্বশীল কেউ নই। … প্রার্থীর দায়ের করা অভিযোগটি সংশ্লিষ্টদের অবহিত করেছি।”

এ ব্যাপারে নির্বাচনে রাজাপালং ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাইহানুল ইসলাম মিঞার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অনীহা প্রকাশ করেন।

তিনি ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সুনীল দত্তের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তবে প্রিজাইডিং কর্মকর্তা সুনীল দত্তের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি।