কর্মী হত্যার বিচার দাবিতে বরিশালে ছাত্রলীগের অবরোধ
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ কর্মী রেজাউল করিম রেজা হত্যার বিচারের দাবিতে নগরীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ক্ষমতাসীন দলের এ ছাত্র সংগঠনটি।
রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের গড়িয়ারপাড়, বরিশাল-পটুয়াখালী সড়কের বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্ট ও বরিশাল-ঝালকাঠী সড়কের কালিজিরায় অবরোধ করে রাখে জেলা ছাত্রলীগ।
এতে ছাত্রলীগের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এতে ভোগান্তিতে পড়েন নগরীর বাসিন্দারা।
জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত জানান, রেজা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চলবে।
অবরোধের কারণে বিভাগীয় শহরের সঙ্গে সড়ক পথে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের যোগাযোগ বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১২ টার দিকে বৃষ্টি শুরু হলে দুর্ভোগের মাত্রা আরও বেড়ে যায়।
ঢাকাগামী বাসের যাত্রী আব্দুর রউফ বলেন, “সড়ক অবরোধ করে সাধারণ জনগণকে ভোগান্তিতে ফেলে দাবি আদায় করা যায় না। হত্যার বিচারের দাবিতে তো শান্তিপূর্ণ আন্দোলনও করা যেত।”
গৌরনদী থেকে বরিশালগামী অনিন্দ্র দাস বলেন, অসুস্থ বাবার চিকিৎসার জন্য বরিশাল যাচ্ছিলাম। অবরোধের কারণে দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে আছে। বাবাকে নিয়ে ৭/৮ কিলোমিটার পথ হেটে যাওয়াও সম্ভব নয়।
ঢাকা-বরিশাল মহাসড়কের গরিয়ারপাড়ের পথচারী বিলকিস বেগম বলেন, “বাস বা ট্রাক চাপায় কারও মৃত্যুতে উত্তেজিত জনগণ সড়ক অবরোধ করলে পুলিশ পিটিয়ে তাদের তাড়িয়ে দেয়। কিন্তু ছাত্রলীগের অবরোধে পুলিশ এখন দর্শক।”
অবরোধে পুলিশের নির্লিপ্ততার বিষয়ে সাধারণ মানুষের অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরিশাল মহানগর পুলিশের মূখপাত্র গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আবু সাঈদ খান বলেন, “পুলিশ দর্শক ছিল এ অভিযোগ ঠিক নয়। পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে বলেই অবরোধকারীরা সড়ক ছেড়ে দিয়েছে।”
অভ্যন্তরীণ কোন্দলের জেরে গত ২৭ মে পলিটেকনিক শাখা ছাত্রলীগ কর্মী রেজাসহ তিনকে কুপিয়ে যখম করে দুর্বৃত্তরা। ওই রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেজার মৃত্যু হয়।
ঘটনার দুই দিন পর ২৯ মে রাতে রেজার ভাই রিয়াজ উদ্দিন মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিনকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
এ ঘটনায় একজনকে আটকও করেছে পুলিশ।
