ভাষা সৈনিক আব্দুর রশীদের মৃত্যুবার্ষিকী পালিত
ভাষা সৈনিক আব্দুর রশীদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজনে শ্রদ্ধা নিবেদন করেছেন পরিবারের সদস্যরা।
রোববার সকালে মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযুদ্ধকালীন সর্বদলীয় সংগ্রাম পরিষদের এই সদস্যের শেরপুর শহরের গৃদানারায়ণপুরের বাসভবনে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মরহুমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং চাপাতলী পৌর কবরাস্থানে কবর জিয়ারতও করেন স্বজনরা।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আব্দুর রশীদ। এরপর ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট, বাষট্টির শিক্ষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন, একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি শেরপুর জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।
৮৪ বছর বয়সে ২০১৪ সালের ৫ জুন গৃদানারায়ণপুরের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি।
