ব্যাংকের সিঁড়িতে গুলি করে ছিনতাই: আটক ৩
ঝিনাইদহে ব্যাংকের সিঁড়িতে গ্রাহককে গুলি করে ‘১০ লাখ’ টাকা ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেল ও টাকাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান বলেন, রোববার ভোরে শহরের ব্যাপারীপাড়া ও টিভি রিলে সেন্টার এলাকা থেকে ৫০ হাজার টাকাসহ তিনজনকে আটক ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটকৃতরা হলেন যশোরের চৌগাছা উপজেলার কাদবিলা গ্রামের আব্দুল জলিল সর্দারের ছেলে সুজন হোসেন, ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার দেলোয়ার হোসেনের ছেলে ইমরান হোসেন ও তার স্ত্রী রত্না খাতুন।
পুলিশের কাছে তারা টাকা লুটের ঘটনা স্বীকার করেছে বলে ওসি জানান।
গত ২৯ মে সকাল ১০টার দিকে পূবালী ব্যাংকের সিঁড়িতে স্থানীয় রেজাউল ফিলিং স্টেশনের ম্যানেজার হাসানুল ফারুককে গুলি করে ‘১০ লাখ’ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যায়।
