বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়েই আ.লীগ করতে হবে: আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলের নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ মাথায় রাখতে বলেছেন।
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, “আওয়ামী লীগ একটি আদর্শিক সংগঠন। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়েই আওয়ামী লীগ করতে হবে।
“বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দেখেছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সেই স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।”
আওয়ামী লীগ ও এর সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনে জামায়াত-শিবিরের অনুপ্রবেশ ঘটেছে বলে আগে থেকেই তিনি অভিযোগ করে আসছেন।
শনিবার বিকালে জেলা শহরের রাজবাড়ী মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রথম প্রতিনিধি সভায় তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে গাজীপুরের জনপ্রিয় আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের পর হাসপাতালে তাকে দেখতে আমাদের যেতে দেওয়া হয়নি।
“এমনকি দলীয় কোন্দলে আহসান উল্লাহ মাস্টার নিহত হয়েছেন এমন মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল।”
গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভাকে মডেল হিসেবে নেওয়া হয়েছে উল্লেখ করেন এই মন্ত্রী।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভেকেট আজমতউল্লা খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিনিধি সভায় বক্তব্য দেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য সাংসদ রহমত আলী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আখতারউজ্জামান, সাংসদ জাহিদ আহসান প্রমূখ।
‘সন্ত্রাসী-চাঁদাবাজের স্থান নাই’
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রতিনিধি সভা শেষে সাংবাদিকদের জানান, গাজীপুর মহানগরীর ৪০০ ইউনিটের কোন কমিটিতে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িতদের স্থান হবে না।
জুন মাসের মধ্যেই এ মহানগরীর ৮টি থানা, ৫৭টি ওয়ার্ডসহ সব ইউনিট কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
