চেয়ারম্যান পদের ব্যালট ‘হাওয়া’
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ও সলঙ্গা ইউনিয়নের দুটি কেন্দ্রে চেয়ারম্যানের ব্যালট ছাড়াই ভোট গ্রহণের অভিযোগ উঠেছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ দফা ভোটগ্রহণের দিন শনিবার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সলঙ্গার বনবাড়িয়া পাবলিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটাররা এ অভিযোগ করেন।
সরেজমিনের দুপুর ১২টার দিকে চড়িয়া কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার শামসুল ইসলাম ও ফরিদুল ইসলাম অভিযোগ করেন, কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার ফজরুল হক তাদের চেয়ারম্যান প্রার্থীর ব্যালট পেপার না দিয়ে শুধু মেম্বর প্রার্থীর দুটি ব্যালট দিয়েছেন।
অভিযোগের বিষয়ে কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার ফজলুল হক বলেন, “সরবরাহকৃত ব্যালট পেপারের সিরিয়াল ঠিক নেই। তাই কিছু ভোটারের ক্ষেত্রে সমস্যা হয়েছিল।”
এ সময় তিনটি বুথে কোনটিতেও নৌকা ছাড়া কোনো প্রার্থীর এজেন্ট পাওয়া যায়নি।
এদিকে সলঙ্গা ইউনিয়নের বনবাড়িয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে গিয়ে দেখা যায় তিনটি বুথে চেয়ারম্যানের ব্যালট ছাড়াই ভোট নেওয়া হয়।
ভোটারদের অভিযোগ, নৌকার সমর্থকরা ব্যালট বাইরে নিয়ে যাওয়ায় এ পরিস্থিতি হয়েছে।
এ বিষয়ে প্রিজাইডিং অফিসার নুরুল হুদা বলেন, “আমিতো সই করে সবাইকে ব্যালট দিয়েছি। কিন্তু বুথের কর্তব্যরতরা সেই ব্যালট কী করেছে আমি জানি না।”
