নওগাঁয় এক ইউপিতে ভোট স্থগিতের দাবি বিএনপির
নওগাঁ সদরের হাসাইগাড়ী ইউনিয়নে বিএনপির এক প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ তুলে সেখানে ভোট স্থগিতের দাবি জানিয়েছে দলটি।
শুক্রবার বিকালে জেলা শহরের কেডির মোড়ে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিলের সর্মথকরা অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপির চেয়ারম্যান প্রার্থী জালাল হোসেন শাহানার বাড়িতে হামলা চালায়। এতে শাহানা ও তার পাঁচ ভাইসহ পরিবারের অন্তত নয় সদস্য আহত হন।
“এ ধরনের পরিকল্পিত হামলার ঘটনা থেকে পরিষ্কার এই ইউনিয়নে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়।”
নির্বাচনী পরিবেশ ফিরে না আসা পর্যন্ত ওই ইউনিয়নের ভোট স্থগিত রাখার দাবি জানিয়ে নান্নু বলেন, ঘটনাটি ইতিমধ্যে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে অস্বীকার করে আব্দুল জলিল বলেন, “ঘটনাটি তাদের পারিবারিক। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পৃক্ততা নেই। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে এই নাটক সাজানো হয়েছে।”
জালিলের অভিযোগ, জালাল হোসেনের লোকজন উল্টো তার সমর্থকদের মারধর করেছেন।
তবে ঘটনাটি হামলা ছিল না উল্লেখ করে নওগাঁ সদর থানার ওসি মো. জাকিরুল ইসলাম বলেন, দুদলের সংঘর্ষের ঘটনায় উভয় দলের লোকজন আহত হয়েছে।
এ ঘটনায় জলিলের সমর্থক শফির উদ্দিন বাদী হয়ে ২৪ জনকে আসামি করে একটি অভিযোগ করেছেন বলেও জানান তিনি।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে নির্বাচন প্রচার শেষে বিএনপির চেয়ারম্যান প্রার্থী জালাল হোসেন তার বাড়ির সামনে বসে কর্মীদের সঙ্গে কথা বলছিলেন। ওই সময় একদল লোক ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়।
হামলায় চেয়ারম্যান প্রার্থী বড় ভাই হজরত আলী, আনোয়ার হোসেন ও বাবলুসহ সাত জন আহত হন।
আহতদের মধ্যে হজরত আলীসহ তিন জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হজরত আলীর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
