ছুরিকাঘাতে স্বামীকে হত্যার অভিযোগ
পারিবারিক কলহের জেরে নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাতে নন্দলালপুরে এ ঘটনায় নিহত হাসান ইসলাম সুমন (৩৫) স্থানীয় নূরুল ইসলামের ছেলে।
পুলিশ সুমনের স্ত্রী সায়মা মনি অপুকে (২৫) গ্রেপ্তার করেছে।
এলাকাবাসী, পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রাত সাড়ে ১১টার দিকে স্ত্রীর অনৈতিক সম্পর্কের অভিযোগ তুললে সুমনের সঙ্গে ঝগড়া বাধে।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, ঝগড়ার এক পর্যায়ে সায়মা তার স্বামী সুমনের পিঠে কয়েকবার ছুরিকাঘাত করেন। গুরুতর অবস্থায় খানপুরে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
সুমন নন্দলালপুরে বাড়ির পাশে স্টুডিওর ব্যবসা করতেন। তাদের একটি মেয়ে রয়েছে।
নিহতের বড় ভাই নূরে আলম কামাল বলেন, ফতুল্লার দেওভোগ আখড়া এলাকার সোবহানের মেয়ে সায়মাকে ১০ বছর আগে বিয়ে করেন সুমন।
“বিয়ের পর থেকেই সায়মা সংসারে নানা অশান্তি লাগিয়ে রাখে। সে আমার বৃদ্ধা মাকেও সহ্য করতে পারত না। তাই আমাদের যৌথ পরিবার থেকে তাদের ভিন্ন করে দেওয়া হয়।”
ভিন্ন হওয়ার পর মোবাইল ফোনে কথা বলা নিয়ে স্বামী- স্ত্রীর ঝগড়া আরও বেশি হতো দাবি করে কামাল বলেন, “সায়মা অপরিচিত লোকজনের সঙ্গে মোবাইলে যখন-তখন কথা বলত। স্ত্রীর পরকীয়ার বিষয়টি নিশ্চিত হয়ে সুমন মোবাইল ব্যবহার করতে সায়মাকে বাধা দেয়।”
ওসি কামাল উদ্দিন জানান, শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে সুমনের স্ত্রী সায়মাকে গ্রেপ্তার করা হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
