ফুলছড়িতে বিএনপি প্রার্থীকে হত্যার চেষ্টা, আটক ৪
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থীকে গুলিতে হত্যার চেষ্টা চালানো হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতিয়ার চরে নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান (৬২) গুলিবিদ্ধ হন।
তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই সময় এলাকাবাসী চারজনকে আটক করে বিজিবি ক্যাম্পে সোর্পদ করেছে।
আটকরা হলো ফুলছড়ির সন্ন্যাসীর চরের মেছের ডাকাত (৩৫), পাগলার চরের মেহেদী হাসান (৩২), আনন্দবাড়ী চরের জাহাঙ্গীর আলম (৩০) ও রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরাণী এলাকার শাহীন আলম (৩৫)।
ফুলছড়ি থানার এসআই বাবুল চন্দ্র জানান, বৃহস্পতিবার রাতে নির্বাচনী কাজ শেষে বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আজিজুর।
“রাত সোয়া ২টার দিকে দুটি মোটরসাইকেলে একদল লোক তাদের বাড়ি গিয়ে জানালা দিয়ে তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি করে। দুটি গুলি তার বাম বায়ে ও একটি গুলি ডান পায়ে লাগে।”
এসআই বাবুল বলেন, গুলির শব্দ পেয়ে এলাকাবাসী চারপাশ ঘিরে ফেলে একটি মোটরসাইকেলসহ চার জনকে আটক করে বিজিবির অস্থায়ী ক্যাম্পে সোপর্দ করে। কিন্তু অপর মোটরসাইকেলসহ বাকিরা পালিয়ে যায়।
ফুলছড়ি থানার ওসি মো. খায়রুল বাশার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্গম এলাকা হওয়ায় পৌঁছতে দেরি হয়েছে। তবে নির্বাচন উপলক্ষে ওই ইউনিয়নে এক প্লাটুন বিজিবির একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে।
ঘটনার রহস্য উদঘাটন ও বাকি হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে তিনি জানান।
ষষ্ঠ ও শেষ ধাপে শনিবার (৪ জুন) এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদে ভোট হবে। আজিজুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
