২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় অস্ত্রসহ ৫ ‘ডাকাত’ গ্রেপ্তার

খুলনার বটিয়াঘাটায় ‘ডাকাতির প্রস্তুতির সময়’ অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2016, 03:03 PM

Updated : 11 Oct 2022, 08:19 PM

শুক্রবার  এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ এর অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার গঙ্গারামপুরের দ্বীপবরণ পাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- বাগেরহাট সদরের শেখ এমদাদুল হক এন্দা (৪৫), ওসিকর রহমান ওসিক (৪৫) , ফকিরহাট উপজেলার মো. আশরাফ শেখ ওরফে শাহিন (৪৮), রামপাল উপজেলার মো. বাকী ব্যাপারী (৪৬)  এবং মোজাফ্ফর হোসেন (৪২)।

এর মধ্যে শাহিনের বিরুদ্ধে নয়টি, এন্দার বিরুদ্দে সাতটি, বাকীর নামে পাঁচটি এবং ওসিক ও মোজাফফরের বিরুদ্ধে তিনটি করে মামলা রয়েছে বলে জানান রফিকুল।

তিনি বলেন, গঙ্গারামপুর ইউনিয়নের দ্বীপবরণ পাড়া খেয়াঘাট সংলগ্ন ঝপঝপিয়া নদীতে ১০/১২ জন ডাকাত মাছ ব্যবসায়ীদের নৌকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। 

“এ সময় একটি বিদেশি রিভলবার, একটি পিস্তল, রিভলবারের সাত ও পিস্তলের চার রাউন্ড  গুলি এবং দুটি ছোরাসহ পাঁচ ডাকাতকে আটক করে বটিয়াঘাটা থানায় সোপর্দ করা হয়।”

ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনও জব্দ করা হয় বলে রফিকুল ইসলাম জানান।

এ ঘটনায় থানায় র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।