সাভার সদর ইউপি নির্বাচন স্থগিত
সীমানা সংক্রান্ত জটিলতায় সাভার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া।
এর ফলে আগামী ৪ জুন ষষ্ঠ দফায় উপজেলার সদর ইউনিয়ন ছাড়া অন্য ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মোহাম্মদ মমিন মিয়া বলেন, “সাভার সদর ইউনিয়নের চাঁপাইন মহল্লার বাসিন্দা ইসমাইল হোসেন পৌরসভার সঙ্গে ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সীমানা জটিলতা নিয়ে হাই কোর্টে একটি রিট করেন। বুধবার উচ্চ আদালত শুনানি শেষে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।
“নির্বাচনী বিধিতে একটি ওয়ার্ডে নির্বাচন স্থগিতের বিধান না থাকায় পুরো ইউনিয়নে আগামী তিন মাসের জন্য নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।”
