গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ‘ছিনতাই’
গাজীপুরে এক বিকাশ কর্মীকে গুলি করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের পূবাইল মীরেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন জানান।
গুলিবিদ্ধ তাজমীরকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিকাশের আরেক কর্মী আরমান বলেন, “তাজমীর, রনি ও আমি কালীগঞ্জ উপজেলা, পূবাইলসহ বিভিন্ন দোকান থেকে বিকাশের টাকা সংগ্রহ করে ট্রাস্ট ব্যাংকের মীরেরজার শাখায় জমা দেওয়ার জন্য যাচ্ছিলাম।
“মিরেরবাজার এলাকায় পৌঁছলে তিনটি মোটরসাইকেলে আসা ছয় দুর্বৃত্ত আমাদের ঘেরাও করে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাজমীর দৌড় দিলে দুর্বৃত্তরা তাকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।”
ছিনতাইকারীরা তাদের কাছ থেকে ৪ লাখ ১৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে দাবি করেন আরমান।
তবে এসআই মোবারক বলেন, ছিনতাইকারীদের গুলি এক বিকাশকর্মীর হাতে ও উরুতে বিদ্ধ হলেও টাকা নিতে পারেনি। তার অন্য এক সহকর্মী ট্রাস্ট ব্যাংকে ৫ লাখ ৩৩ হাজার টাকা জমা দিয়েছেন।
