সিরাজগঞ্জে বৃদ্ধকে ছুরি মেরে হত্যা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
নিহত আবুবক্কার সিদ্দিক (৭২) উপজেলার ছোট কোয়ালীবেড় গ্রামের মৃত আখেজ মন্ডলের ছেলে।
বৃহস্পতিবার উপজেলার হাওড়া কদমতলা এলাকার ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক কাউসার হোসেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে তার দ্বিতীয় স্ত্রী আছিয়া খাতুনকে (৩৫) আটক করেছে পুলিশ।
উপ-পরিদর্শক কাউসার বলেন, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি আবুবক্কার সিদ্দিক। বৃহস্পতিবার সকালে বাড়ির কাছে হাওড়া কদমতলায় ধান ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
