কুষ্টিয়ায় জুতা ব্যবসায়ী হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড
কুষ্টিয়ায় জুতা ব্যবসায়ী আলমগীর হোসেন হত্যা মামলায় চারজনকে ফাঁসির আদেশ দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার দুপুরে বিচারক রেজা মোহাম্মদ আলমগীর হোসেন রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন শহরের হাড়ুয়াপাড়ার হরুনের ছেলে হাসান মাইকেল (৩৫), বশির আহমেদের ছেলে সালমান (২৯), আবদুর রহিমের ছেলে রাহাতুজ্জামান সাইমন (৩৩) ও কৃষ্ণচন্দ্র ঘোষের ছেলে নিশিকান্ত ঘোষ আকাশ (২৮)।
পিপি অনুপ কুমার নন্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৩ সালের ২ জানুয়ারি শহরের এনএস রোডের নিজ বাসায় শেখ মুসা আলীর ছেলে জুতা ব্যবসায়ী আলমগীর হোসেনকে হত্যা করা হয়।
“এ ঘটনায় তার ছোট ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে একই বছর ২২ নভেম্বর এই চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।”
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত হাসান, সালমান ও রাহাতুজ্জামান আদালতে উপস্থিতি ছিলেন। অপর আসামি নিশিকান্ত পলাতক রয়েছেন।
রায় সম্পর্কে আসামিপক্ষের আইনজীবী নিজামুল হক চুন্নু বলেন, “এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।”
