গৃহবধূর পায়ে শিকল-তালা, শাশুড়ি গ্রেপ্তার
মাগুরায় পায়ে শিকল-তালাসহ এক নারীকে উদ্ধার করা হয়েছে, যাকে নির্যাতনের পর শ্বশুরবাড়ির লোকজন খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিল বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সদর উপজেলার বরই গ্রাম থেকে মাহফুজা খাতুন নামে ওই নারীকে উদ্ধার করা হয় বলে জানান সদর থানার ওসি আজমল হুদা।
মাহফুজা ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী।
এ ঘটনায় শুকুর আলীর মা কমলা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
ওসি বলেন, বরই গ্রামে এ নারীকে নির্যাতনের পর খুঁটির সঙ্গে শিকল-তালা তিয়ে বেঁধে রাখা হয়েছে সাংবাদিকদের কাছ থেকে এমন খবর পেয়ে বিকাল সাড়ে ৫টার দিকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
“পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বামী, ভাসুর, দেবররা পালিয়ে গেলেও পুলিশ ওই নারীর শাশুড়ি কমলা খাতুনকে গ্রেপ্তার করেছে।”
মাহফুজা বলেন, তার ভাইয়ের ছেলের সঙ্গে ভাসুর মন্টু মিয়ার মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে স্বামী, ভাসুরসহ পরিবারের লোকেরা এ ঘটনার জন্য তাকে দায়ী করে নির্যাতন করে আসছে।
তিনি বলেন, বুধবার সকাল ১০টার দিকে স্বামী শুকুর, ভাসুর মন্টু, দেবর নান্নু, অতিয়ার, জহির ও শাশুড়ি কমলা তাকে মারধর করে। পরে ভাসুর মন্টু অন্যদের সহায়তায় তার পায়ে শিকল বেঁধে ঘরের খুঁটির সঙ্গে তালা মেরে রাখে।
তবে মাহফুজার স্বামী শুকুর আলীর দাবি মাহফুজা আত্মহত্যার হুমকি দেওয়ায় তাকে শিকল দিয়ে বেঁধে তালা মেরে রাখা হয়েছিল।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।
