ফেনীতে আ. লীগ প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা-লুটপাট
ফেনীতে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বাড়ি ও দোকানে হামলা ও লুটপাট অভিযোগ উঠেছে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
বুধবার ভোরে সদরের ধর্মপুর ইউনিয়নের আমতলী বাজারে এ ঘটনা ঘটে ফেনী মডেল থানার ওসি মো. মাহবুব মোর্শেদ জানান
ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেষ দফায় ৪ জুন ধর্মপুর ইউনিয়নে ভোটগ্রহণের কথা রয়েছে।
আওয়ামী লীগ প্রার্থী সাহাদাত হোসেন সাকা অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) আজাহারুল হক আরজুর সমর্থকরা আমতলী বাজারে কর্মী সমর্থকদের হোটেল, রেস্তোরাঁ, মুদি দোকানসহ অর্ধশতাধিক দোকানে হামলা চালিয়ে মালামাল তছনছ করে।
পরে তারা দোকানের মালামালও লুটপাট করে বলে দাবি করে তিনি বলেন, এ সময় হামলাকারীরা পাশের কয়েকটি বাড়িতেও হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে।
তবে এ অভিযোগ অস্বীকার করে আজাহারুল হক আরজু বলেন, “এটি পরিকল্পিত একটি ঘটনা। আমার জনপ্রিয়তা দেখে চেয়ারম্যান প্রার্থী নাটক সাজিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন।”
ওসি বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
