আদালতের সিল জাল করা সেই এসআই কারাগারে
দিনাজপুরে আদালতের সিল-স্বাক্ষর জাল করে ২৩টি মোটরসাইকেল নিলামে বিক্রির মামলায় পুলিশের এক এসআই ও সোর্সকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার দুপুরে বীরগঞ্জ থানার সাবেক এসআই জাহাঙ্গীর হোসেন ও পুলিশের সোর্স আবু সাঈদকে কারাগারে পাঠানোর আদেশ দেয় অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ এফ এম আহসানুল হকের আদালত।
মামলার বাদী পক্ষের আইনজীবী হামিদুর রহমান বলেন, দুই আসামি আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৯ মে এসআই জাহাঙ্গীরের নামে মামলা করেন একই আদালতের নাজির মো. মামুন হাসান। ওই দিন এসআই জাহাঙ্গীর ও পুলিশের সোর্স আবু সাঈদের নামে আরেকটি মামলা করেন নিলামের মোটরসাইকেল ক্রেতা বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামের আব্দুল গাফ্ফার।
দুটি মামলায়ই আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বলে জানান আইনজীবী হামিদুর।
নিলাম ক্রয়ের পর সেটা বৈধ নয় বলে অভিযোগ পেয়ে নিলাম ক্রেতা আব্দুল গাফ্ফার আদালতে অভিযোগ করেন। পরে তদন্তে বেরিয়ে আসে, থানায় জব্দকৃত মোটরসাইকেলের তালিকায় ওই ২৩টির কোনো খতিয়ান নেই।
