২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকেই দুর্নীতি রয়ে গেছে: ইকবাল মাহমুদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভেতরেই দুর্নীতি রয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2016, 05:55 PM

Updated : 20 Aug 2022, 12:51 PM

মঙ্গলবার দুপুরে রাজশাহীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি গত আড়াই মাসে দেখেছি, অনুসন্ধান-তদন্ত যে সময়ে করার কথা, সে সময়ে করা হয় না। সত্য বলতেই হবে। সত্য বলাই দুর্নীতি দমনের প্রধান শর্ত।”

৩০ দিনের মধ্যে তদন্ত শেষ করার কথা থাকলেও দুদক কর্মকর্তারা তা করতে পারেন না জানিয়ে তিনি বলেন, “দুদকের হাজার হাজার মামলা ‘ডিপ ফ্রিজে’ পড়ে আছে; অথচ কথা ছিল, তারা (দুদক কর্মকর্তারা) ৩০ দিনের মধ্যে তদন্ত শেষ করবেন।”

কোনো মামলার অনুসন্ধান ৩০ দিনে শেষ হতে তিনি দেখেননি বলে দাবি করেন।

“দুঃখের সাথে বলতে হয়, ১০ বছর আগের নথিও আমার কাছে আসে।”

দুদকের ভেতরের দুর্নীতি দূর করতে ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেন এসব নথি পড়ে রয়েছে তার ব্যাখা দিতে দুদক কর্মকর্তাদের বলা হয়েছে।

দুদকের প্রতি মানুষের আস্থা ফেরাতে ব্যবস্থা নেওয়া শুরু করেছেন বলে জানান তিনি।  

দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে রাজশাহী ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ মহানগর, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল মাহমুদ।

রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গবেষণা) শামসুল আরেফিন, রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান ও পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ হোসেন।

অনুষ্ঠান শেষে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। এরপর দুর্নীতি বিরোধী একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

জেলা পর্যায়ে এ বছর রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটি নির্বাচিত হয়েছে বগুড়া জেলা কমিটি। উপজেলা পর্যায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রথম, বগুড়ার শেরপুর দ্বিতীয় এবং পাবনার বেড়া তৃতীয় নির্বাচিত হয়েছে।

রংপুর বিভাগে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে পঞ্চগড় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এ বিভাগের উপজেলা পর্যায়ে প্রথম হয়েছে রংপুরের গংগাচড়া, দ্বিতীয় দিনাজপুরের নবাবগঞ্জ এবং তৃতীয় হয়েছে গাইবান্ধার সাঘাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।