গাইবান্ধায় মাকে হত্যায় ছেলের যাবজ্জীবন
গাইবান্ধার সুন্দরগঞ্জে মাকে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদেণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকালে গাইবান্ধা জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এ রায় দেন বলে পিপি শফিকুল ইসলাম শফিক জানান।
দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলামকে (৫০) সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম সুবর্ণদহ পুরসা পাড়া গ্রামের ভাদু শেখের ছেলে। বর্তমানে তিনি গাইবান্ধা জেলা কারাগারে রয়েছেন।
একইসঙ্গে তাকে আট হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
মামলার নথির বরাত দিয়ে পিপি জানান, ২০১৪ সালের ১ জুলাই রাত ১২টার দিকে শহিদুল ইসলাম তার মা রহিমা বেগমকে গলাটিপে হত্যা করে। এ ঘটনায় ২ জুলাই স্থানীয় মুকুল মিয়া বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা অধিকতর তদন্ত শেষে ছেলে শহিদুলকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
