নোয়াখালী জেলা পরিষদ হিসাবরক্ষক গ্রেপ্তার
অর্থ আত্মসাতের একটি মামলায় নোয়াখালী জেলা পরিষদের হিসাবরক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে মোহাম্মদ তারিক হাসান নামের ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয় বলে সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান।
আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার জেলা পরিষদের প্রধান সহকারী সবিতা রানী দাস বাদী হয়ে সুধারাম মডেল থানায় তারিক হাসানকে আসামি করে মামলা দায়ের করেন। ওইদন গভীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জেলা দুর্নীতি দমন কমিশন মামলাটি তদন্ত করছে বলে জানান ওসি।
জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. তালেবুর রহমান জানান, হিসাবরক্ষক মোহাম্মদ তারিক হাসানকে জিজ্ঞাসাবের পর আদালতে হারিজ করা হবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খুরশিদ আলম জানান, মোহাম্মদ তারিক হাসান ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে চেকে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বিভিন্ন ব্যাংক থেকে জেলা পরিষদের ২ কোটি ৫৬ লাখ টাকা ৩৯ হাজার ৮২৮ টাকা উত্তোলন ও আত্মসাত করেছেন।
“গত ২৪ মে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আক্তার হোসেন চৌধুরীর নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়ে তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে।”
গত ২৬ মে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরে মামলা দায়ের করা হয় বলে জানান তিনি।
