২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ঝুট গুদামে আগুন, নিহত ১

গাজীপুরের টঙ্গীতে আগুনে দুইটি ঝুটের গুদাম পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ‘বিদ্যুৎস্পৃষ্ট’ হয়ে স্থানীয় এক তরুণ নিহত হয়েছেন; আহত হন ফায়ার সার্ভিসের দুই কর্মী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2016, 01:31 PM

Updated : 20 Aug 2022, 12:50 PM

মিলগেট এলাকায় সোমবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে টঙ্গী ফায়ার স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান।

নিহত হয়েছেন লালচান মিয়া (২২)। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন টঙ্গী ফায়ার স্টেশনের ফায়ারম্যান তৌহিদুল ইসলাম ও লিয়াকত হোসেন। তাদের টঙ্গী হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, সকাল পৌনে ৮টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মিল গেইট এলাকায় একটি ঝুটের গুদামে আগুন ধরে। অল্প সময়ের মধ্যে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুন নেভাতে গিয়ে স্থানীয় এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বলে জানান তিনি।

টঙ্গী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক মাসুদ রানা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই তরুণের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক পরীক্ষায় জানা গেছে। মারা যাওয়ার পরই তাকে হাসপাতালে আনা হয়।