ফরিদপুরে দুই পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৩০
ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচনী পরবর্তী সহিংসতায় পরাজিত দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে তিন কনস্টেবলসহ ৩০জন আহত হয়েছেন।
রোববার বিকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দি গ্রামে এ সংর্ঘষ হয় বলে ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান জানান।
আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, দুপুরে ৯ নম্বর ওয়ার্ডের পরাজিত প্রার্থী বুলবুলের আহমদের সমর্থকেরা পরাজিত অপর মেম্বার প্রার্থী জুলহাস মাতব্বরের সমর্থক টিপু খানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
“খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার সময় তিন কনস্টেবল ও উভয় পক্ষের ২৭ জন আহত হন। পরে পুলিশ র্যাব ও বিজিবি লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
