পাবনায় আ. লীগ নেতা খুন
পাবনায় ‘ছাগল চুরির সালিশের জেরে’ আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।
রোববার বিকালে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পাবনা সদর থানার এসআই মনির হোসেন জানান।
নিহত রিপন হোসেন গয়েশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই মনির বলেন, সম্প্রতি রিপনের একটি ছাগল চুরির ঘটনায় সকালে সালিশ বৈঠক হয়। সেখানে স্থানীয় আব্দুল আজিজের ছেলে শান্তকে অভিযুক্ত করা হয়।
“এরপর বিকাল সাড়ে ৫টার দিকে কয়েকজন দুর্বৃত্ত রিপনকে একা পেয়ে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।”
এ ঘটনায় জড়িত সন্দেহে শান্তর বাবা ও বড় ভাই শফিককে আটক করা হয়েছে। তবে শান্ত পলাতক রয়েছেন বলে জানান এসআই।
