ফেনীতে ১৬০টি হাতবোমা উদ্ধার, নৈশপ্রহরী আটক
ফেনীর সোনাগাজী উপজেলায় একটি নির্মাণাধীন বাড়ি থেকে নয় কার্টনভরতি ১৬০টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার মধ্যরাতে মতিগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মানিক সওদাগরের বাড়িতে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ওই বাড়ির নৈশপ্রহরী আমিন উল্লাহকে আটক করেছে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর বলেন, গোপন সংবাদ পেয়ে শনিবার মধ্যরাতে মানিক সওদাগর বাড়ির নির্মাণাধীন একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ।
“ওই ঘরের একটি কক্ষে নয়টি বড় কার্টনভরতি হাতবোমাগুলো পাওয়া যায়। এছাড়া হাতবোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামও পাওয়া গেছে।”
উদ্ধারকৃত হাতবোমা ও সরঞ্জামগুলো থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
ওসি বলেন, এ ঘটনায় পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও আট জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে সোনাগাজী থানায় মামলা দায়ের করেছে পুলিশ।
আটক নৈশপ্রহরী আমিন উল্লাহকে রোববার দুপুরে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আগামী ৪ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনাগাজীতে নয়টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে। এ কারণে নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো তৈরী ও মজুদ করা হচ্ছিল বলে পুলিশ ধারণা করছে, বলেন ওসি।
