২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস নয়, গুপ্ত হত্যায় বিএনপি-জামায়াত: হানিফ

দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য আইএসের নামে বিএনপি ও জামায়াতে ইসলামী গুপ্ত হত্যা চালাচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2016, 08:17 PM

Updated : 20 Aug 2022, 12:48 PM

শুক্রবার কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

দেশের বিভিন্ন স্থানে একই কায়দায় কুপিয়ে হত্যার কয়েকটি ঘটনার পর আইএস দায় স্বীকার করে বিবৃতি দেয়। তবে সরকার বারবার বাংলাদেশে আইএসের অস্তিত্বের কথা অস্বীকার করে আসছে।

সম্প্রতি কুষ্টিয়ায় লালনভক্ত একস হোমিওপ্যাথ চিকিৎসককে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় আইএসের দায় স্বীকার নিয়ে প্রশ্নে জবাবে হানিফ বলেন, বাংলাদেশে আইএস এর কোনো অস্তিত্ব নেই। সরকারকে অস্থিতিশীল করার জন্য এই ধরনের গুপ্ত হত্যা চালাচ্ছে বিএনপি ও জামায়াতের বিভিন্ন সন্ত্রাসী সংগঠন।

তারা আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির, হরকাত-উল-জিহাদ প্রভৃতি সংগঠনের নামের আড়ালে হামলা করছে বলে দাবি করে তিনি।

নিজেরা নিরাপদ থাকা এবং বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আইএস এর নামে বিবৃতি দেওয়া হচ্ছে বলে মনে করেন হানিফ।

এ সময় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।