২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়েন্দা পরিচয়ে তিনজনকে তুলে নেওয়ার অভিযোগ

খুলনা মহানগরীতে ‘গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নেওয়া তিনজনকে’ ফিরিয়ে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2016, 02:07 PM

Updated : 20 Aug 2022, 12:48 PM

সংবাদ সম্মেলনে যে তিনজনকে তুলে নেওয়ার অভিযোগ আনা হয় তারা হলেন - হরিণটানার বিসমিল্লাহনগর কওমি মাদ্রাসার শিক্ষক মো. আব্দুল্লাহ আল সাঈম তূর্য ও মো. শোয়াইব বিশ্বাস এবং নগরীর বয়রা সিএসডি গোডাউনের নিরাপত্তাকর্মী মাসুদুর রহমানের ছেলে মো. মনিরুল ইসলাম বাবু।

খুলনা প্রেসক্লাবে বৃহস্পতিবারের এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তূর্যর বাবা মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

তিনি বলেন, গত ১২ মে সকাল সোয়া ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে শোয়াইবকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাঈমকে এবং রাত পৌনে ১০টার দিকে বাবুকে তুলে নেওয়া হয়।

মাদ্রাসা শিক্ষক শোয়াইব ও সাঈমকে অপহরণের অভিযোগে হরিণটানা থানায় ১৩ মে দুটি পৃথক মামলা এবং বাবুর বিষয়ে খালিশপুর থানায় জিডি করা হয়েছে বলে জানান তিনি ।

এ বিষয়ে খুলনা মহানগর ডিবি পুলিশের সহকারী কমিশনার মো. কামরুল ইসলাম বলেন, তাদের সংস্থার কোনো সদস্য কাউকে তুলে আনেনি।