ধর্ষণের দুই মামলায় ২ জনের যাবজ্জীবন
নেত্রকোণায় পৃথক দুটি ধর্ষণ মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন দিয়েছে আদালত।
মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক এ কে এম আবুল কাশেম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন পূর্বধলা উপজেলার ধারা গ্রামের জানু মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম (২৫) ও সদরের হাপানিয়া গ্রামের মো. হামদাদউল্লাহর ছেলে মো. কাজল ইসলাম।
একইসঙ্গে আদালত শফিকুলকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের এবং কাজলকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে।
আসামিদের মধ্যে শফিকুল ইসলাম পলাতক রয়েছেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জিএম খান পাঠান বিমল জানান।
মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১২ সালে ২৩ জুন শফিকুল পূর্বধলা উপজেলার ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে স্কুল থেকে ফেরার পথে পাশের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরের দিন মেয়েটি বাদী হয়ে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দেয়।
পিপি জানান, ২০১১ সালের ২০ জুলাই রাতে কাজল সদর উপজেলার এক গৃহবধূকে ধর্ষণ করে। এক মাস পর ওই গৃহবধূ বাদী হয়ে কাজলক আসামি করে আদালতে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ওই বছরের ২৭ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন।
